নেত্রকোনায় পৃথক বজ্রপাতে কৃষক ও রাজমিস্ত্রির মৃত্যু
নেত্রকোনায় পৃথক বজ্রপাতে কৃষক ও রাজমিস্ত্রির মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে নলচিটি হাওড়ে গরুকে ঘাস খাওয়াতে যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে হাওরেই অবস্থান করছিলেন। বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই দিন সকালে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি স্থানীয় মজিবুর রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর পথিমধ্যে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আকাশ মিয়া একটি ধানক্ষেতের পাশে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার পর পরীক্ষায় দেখা যায় তিনি আগেই মারা গেছেন এবং শরীরে বজ্রপাতে মৃত্যুর প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার জানান, নিহতদের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কার্যক্রমের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স