ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ২০:১৩:৫২
আজ জিতলেই সিরিজ বাংলাদেশের আজ জিতলেই সিরিজ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রথম ম্যাচে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এমন জয় লাল-সবুজ প্রতিনিধিদের দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে তারা। দুপুর ২.১৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

গত পরশু প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বোলিং তোপে বিধ্বস্ত হয় পাকিস্তান। তার ক্যারিয়ারসেরা ২৪ রানে ৫ উইকেট শিকারের কীর্তিতে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১৪ রানে। সেই লক্ষ্য ১৫.১ ওভারে তাড়া করে ম্যাচ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজ প্রতিনিধিরা। নাহিদ রানার আলো ছড়ানোর দিনে ব্যাট হাতে তাণ্ডব চালান আরেক তরুণ তানজিদ হাসান তামিম। ৪২ বলে খেলেন ৬২ রানের ইনিংস।

তাদের এমন ছন্দে থাকা বাংলাদেশকে জোগাচ্ছে আশা। ফলে সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী লাল-সবুজ প্রতিনিধিরা। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘লম্বা সময় আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। ম্যাচ খেলা কঠিন ছিল। তবে সবাই দারুণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ, সবাই কঠোর পরিশ্রম করেছে।’

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বাংলাদেশকে অন্তত ওয়ানডে র‍্যাংকিংয়ের ৮ নম্বরে থাকতে হবে। সে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লাল-সবুজ প্রতিনিধিদের জন্য। এ নিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ গত পরশু পুরস্কার বিতরণীর মঞ্চে বলেছিলেন, ‘বিশ্বকাপে জায়গা পেতে প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ভালো ফল আসবে। পরের দুই ম্যাচ নিয়েও আমি আশাবাদী।’

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। সেবার ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। এবারও সেই পথে এগোতে মরিয়া বাংলাদেশ। পাশাপাশি এই ম্যাচ জিতলে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগও থাকছে স্বাগতিকদের জন্য। র‍্যাংকিংয়ে ১০-এ থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৬। আর আজ পাকিস্তানের বিপক্ষে জয় পেলে রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮০-তে। তাতে র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠবে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি র‍্যাংকিংয়েও ওপরে ওঠার সুযোগটা থাকছে বাংলাদেশের সামনে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে অনেকটা তারুণ্যনির্ভর দল খেলতে এসেছে পাকিস্তান। ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসা পাকিস্তান দল গত পরশু অভিষেক করিয়েছে চার ক্রিকেটারকে। টপ অর্ডারের তিন ক্রিকেটারই ছিলেন অভিষিক্ত। তাতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে পাকিস্তানকে ঘিরে। এমন সমালোচনার মাঝে জয়টা নিশ্চিত করতে মরিয়া হয়ে আছে পাকিস্তান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ