ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক অভিযানে আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৬:১৭:৩৮
রাজধানীতে পৃথক অভিযানে আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার রাজধানীতে পৃথক অভিযানে আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন এবং ছিনতাইকারী চক্রের এক সদস্যসহ মোট তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১২ মার্চ) র‍্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১০ এর অভিযানে ডেমরা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকার সুকুশী পাথরঘাটে একটি চারতলা ভবনের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ভবনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে লাল রঙের শপিং ব্যাগসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া ও ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মো. ফাহিম হোসেন (২৯)। তিনি সারুলিয়া এলাকার সুকুশী পাথরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে একই দিনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেমরার সারুলিয়া এলাকার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় টহল চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক এবং দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬)। তিনি ওই এলাকার বাসিন্দা।

অন্যদিকে গত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার দোলাইপাড় এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. মামুন মিয়া (২১)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামুন কদমতলী থানার বৌবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-১০ কর্মকর্তারা জানান, রাজধানীতে মাদক, অবৈধ অস্ত্র ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ