ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ০১:৫৪:৩৯
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও একই এলাকার হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে হাসান মুন্সির সমর্থকরা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও সমর্থক আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায়।
 
এ সময় হামলাকারীরা আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানা যায়। হামলাকারীরা তার বসতঘর ভাঙচুর ও লুটপাটও চালায়।
 
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ