লংগদুতে ইফতারের জনপ্রিয় ফল তরমুজ, প্রথম মৌসুমেই চড়া দাম
লংগদুতে ইফতারের জনপ্রিয় ফল তরমুজ, প্রথম মৌসুমেই চড়া দাম
বিপ্লব ইসলাম,
লংগদু (রাংগামাটি)
পবিত্র রমজান মাসে ইফতারের টেবিলে ফলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আর সেই তালিকায় সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম তরমুজ। তবে রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন বাজারে বর্তমানে তরমুজের দাম তুলনামূলক চড়া থাকায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের প্রথম দিকের তরমুজ হওয়ায় দাম বেশি থাকলেও সামনে সরবরাহ বাড়লে দাম কমতে পারে।
উপজেলার মাইনী বাজার, লংগদু বাজার ও আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, আকার ও মানভেদে একটি তরমুজ ২৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজি প্রতি দাম পড়ছে প্রায় ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। প্রতিদিন বিকেলের দিকে ইফতার সামনে রেখে তরমুজ কিনতে বাজারে ক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যায়।
স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান, খাগড়াছড়ি সহ রাংগামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে তরমুজ লংগদুর বাজারে আসছে। তবে এখনও সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম কিছুটা বেশি।
মাইনী বাজারের তরমুজ বিক্রেতা মনির বলেন, এখন তরমুজের একেবারে শুরু। বাজারে এখনও পর্যাপ্ত তরমুজ আসেনি। তাই দাম একটু বেশি। আরও কয়েক সপ্তাহ পর সরবরাহ বাড়লে দামও কমে যাবে।
ক্রেতাদের কেউ কেউ বলছেন, দাম বেশি হলেও রমজানে ইফতারের জন্য তরমুজ কিনতে হচ্ছে। স্থানীয় এক ক্রেতা জানান, রমজানে তরমুজ না হলে ইফতার যেন অপূর্ণই লাগে। তাই দাম বেশি হলেও কিনতে হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, মৌসুমের শুরুতে তরমুজের দাম তুলনামূলক বেশি থাকা স্বাভাবিক। তবে এপ্রিলের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম অনেকটাই কমে আসবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স