ডাসারে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৯২ পিস ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নির্মাণাধীন সার্ভিস পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি হাবিব নামের এক যুবক। তিনি একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো লুকিয়ে পরিবহন করছিলেন। অভিযানের সময় মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংকির ভেতর থেকে ৯২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিব সাতক্ষীরা থেকে এসব মাদক সংগ্রহ করে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল তাকে আটক করে এবং মাদকগুলো জব্দ করে।
র্যাব জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।