ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ২০:২৫:৫৮
প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
মোবাইলে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়েছেন এক যুবক। স্থানীয়দের হাতে আটক হয়ে প্রেমিক ও প্রেমিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। বুধবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুল ইসলামের সঙ্গে ঈশ্বরদী উপজেলার এক তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসেন কবিরুল ইসলাম। বুধবার সকালে স্থানীয়রা তাকে ওই বাড়িতে দেখে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং প্রেমিকার সঙ্গে দেখা করতেই তিনি সেখানে এসেছেন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী কবিরুল ইসলাম ও ওই তরুণীকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। শুধু তাই নয়, তাদের পায়ে শিকল পরিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

অভিযুক্ত তরুণী জানান, প্রায় চার-পাঁচ মাস ধরে কবিরুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “সে আমার সঙ্গে দেখা করতে এসেছে।”

কবিরুল ইসলাম বলেন, “মোবাইলে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। দেখা করার জন্য তার বাড়িতে এসেছি। স্থানীয়রা আমাদের একই ঘরে দেখে বেঁধে রেখেছে। আমরা অনৈতিক কোনো কিছু করিনি, শুধু দেখা করার জন্যই এসেছিলাম।”

এ বিষয়ে তরুণীর স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা বিস্তারিত কিছু বলতে চাননি। তবে সামাজিকভাবে যে সিদ্ধান্ত হবে, সেটি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “ঘটনাস্থলের একটি অংশ পাবনা সদর থানার আওতাভুক্ত। বিষয়টি জানতে পাবনা সদর থানায় যোগাযোগ করতে হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ