ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানায় কাজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৩:১০:১০
কারখানায় কাজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা কারখানায় কাজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জরিত থাকার দায়ে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া ও যুবদলের সদস্যসচিব হাসান কবির।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সম্রাটকে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন ও সদস্যসচিব মামুন কাদির সুমন স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে হাসান কবিরকে বহিষ্কার করা হয়েছে।

 
জানা গেছে, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে মোল্লা এগ্রো ফার্ম নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের উভয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, ওই গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্ত সম্রাট মিয়া, হাসান কবির ও সৃজন আহমেদ সুজন কারখানায় গিয়ে কাগজ দেখার নাম করে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন ও হামলার হুমকি দেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

এ ঘটনার পরেই বাদী শরিফুল মোল্লা সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ২ লাখ টাকা চাঁদা দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়েছে। মামলাটি  গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ