নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড এখনো বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিকে আজকের চলমান আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওবি-৪০১ কুয়াশাজনিত কারণে প্রথমে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি ঢাকা থেকে পুনরায় রওনা হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওবি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশ্যে বেলা ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।
বিমানন্দর সূত্রে আরও জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজ সকাল পর্যন্ত নতুন করে চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বমোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।