ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ‘ব্যাগ কাটা’ চক্রের দৌরাত্ম্য, পটুয়াখালীতে পুলিশের জালে ৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০০:৪১:৩৩
দেশজুড়ে ‘ব্যাগ কাটা’ চক্রের দৌরাত্ম্য, পটুয়াখালীতে পুলিশের জালে ৩ সদস্য দেশজুড়ে ‘ব্যাগ কাটা’ চক্রের দৌরাত্ম্য, পটুয়াখালীতে পুলিশের জালে ৩ সদস্য
 
পটুয়াখালী প্রতিনিধি, 
 
 পটুয়াখালীতে ব্যাংক গ্রাহকদের উত্তোলিত টাকা অভিনব কৌশলে চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা দুর্ধর্ষ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। 
 
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী পৌর শহরের টাউন কালিকাপুর এলাকায় সোনালী ব্যাংক, নিউ টাউন শাখায় গোপন অভিযানে তাদের আটক করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের মংলা থানা মো. রবি হাওলাদার (৪৯), খুলনার রূপসা থানার  মো. ঝন্টু শেখ (৪৮),  এবং খুলনা সদরের মো. দেলোয়ার হোসেন (৬২), 
 
পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে পটুয়াখালীর বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের উত্তোলনকৃত টাকা ব্যাগ কেটে চুরির একাধিক ঘটনা ঘটে। প্রতিবারই একই কৌশল অবলম্বন করে,  গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর অনুসরণ করে ভিড় বা অসতর্ক মুহূর্তে ধারালো বস্তু দিয়ে ব্যাগ কেটে নগদ অর্থ হাতিয়ে নেওয়া। এসব ঘটনায় জেলা পুলিশ একাধিক টিম গঠন করে গুরুত্বপূর্ণ পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তের কাজ শুরু করে।
 
গত ২২ ফেব্রুয়ারি পাবনা জেলায় এক সরকারি কর্মচারীর তিন লাখ টাকা চুরির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি আরও গুরুত্ব পায়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকে লেনদেন বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়।
 
পুলিশ সুপারের দিকনির্দেশনা ও সার্বিক তদারকিতে মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটুয়াখালী সদর থানার একটি যৌথ টিম সোনালী ব্যাংক, নিউ টাউন শাখায় গোপনে অবস্থান নেয়। এ সময় চক্রের সদস্যরা এক গ্রাহকের উত্তোলিত টাকা ব্যাগ কেটে চুরির চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ঘটনার দিন সকালে তারা খুলনা থেকে বাসযোগে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় এসে ব্যাংকে প্রবেশ করে। পরিকল্পনা অনুযায়ী গ্রাহকদের অনুসরণ করে সুযোগ বুঝে টাকা চুরির উদ্দেশ্য ছিল তাদের। তারা স্বীকার করেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে চুরি করে আসছেন। পাবনার সরকারি কর্মচারীর তিন লাখ টাকা চুরির ঘটনাতেও তারা জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
 
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ব্যাংক গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে বা যারাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
জেলা পুলিশের দাবি, সংঘবদ্ধ এই আন্তঃজেলা চোরচক্রকে গ্রেফতারের মাধ্যমে সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ