মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মিরপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও ব্যক্তিগত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক সাবেক ফায়ার ফাইটার।
অভিযোগকারী মোঃ আব্দুল হান্নান (৪৪), সাবেক ফায়ার ফাইটার (পি এন নং-৭৯২৪), বর্তমানে মিরপুর-১০ স্টাফ কোয়ার্টারে বসবাসরত। তিনি জানান, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ফায়ার স্টেশনের সরকারি ফায়ার অ্যালার্ম বাজিয়ে একদল লোক নিয়ে তার ওপর, তার স্ত্রী ও শ্বশুরের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নেন।
লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ দীর্ঘ তিন বছর ধরে মিরপুর স্টেশনে অবস্থান করে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব বিস্তার করছেন। তিনি সরকারি বাহিনী ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং পোস্টিং বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে জড়িত।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে এবং একটি প্রতিষ্ঠানের অগ্নি প্রতিবেদন দেওয়ার নামে ১০ লাখ টাকা গ্রহণের কথাও বলা হয়েছে। এছাড়া তার প্রভাবে সংশ্লিষ্ট ওয়্যারহাউজ ইন্সপেক্টরদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে অভিযুক্ত সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, হান্নান ক্যান্সারের মত ভাইরাস ফায়ার সার্ভিসের জন্য, আমার নামে অভিযোগ দিয়েছে মন্ত্রণালয়ে সঠিক তদন্ত করে তারা যে ব্যবস্থা নেয় আমি সেটাই মেনে নেব।
অভিযোগকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ)-এর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স