মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া মাদকাসক্ত অবস্থায় মাকে মারধরের অভিযোগে আমির হোসেন (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
দণ্ডপ্রাপ্ত আমির হোসেন দক্ষিণ বাগড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় আমির হোসেন পারিবারিক বিষয় নিয়ে তার মাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন,
মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।