বাবাকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়েও রক্ষা হলো না ছেলের
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়েও রক্ষা হলো না ছেলের
এস. এম. জালাল উদদীনঃ মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার দু’দিনের মাথায় অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষ্ণু প্রসাদ ধারালো ছুরি দিয়ে তার বাবার পেটে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লছমুন রিকমুনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর থেকেই অভিযুক্ত বিষ্ণু প্রসাদ আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স