আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কালকিনি পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মো. নাশির উদ্দিন শিকদার। তিনি কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত দুইবারের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একসময় পৌরসভার ১নং প্যানেল মেয়র হিসেবেও দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. নাশির উদ্দিন শিকদার তার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে কালকিনি পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এ সময় তিনি কালকিনি পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কালকিনি পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে আসছেন মো. নাশির উদ্দিন শিকদারের নাম।