নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি---রাজিউন।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুর ১২টার সময় মরহুমার স্বামী জয়নুল আবেদিন ফারুক এমপি এটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মরহুম কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার পরিবার সূত্রে জানা যায়, দুটি ধাপে তার জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
জয়নুল আবদিন ফারুক এমপির সহধর্মিণীর মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ আসনের এমপি আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ আসনের এমপি মো. ফখরুল ইসলাম।
এদিকে নোয়াখালী জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে। অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত শোক বার্তায় জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।