নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে ওই যুবককে গ্রেপ্তার করে কিশোরীকে উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত যুবককে কুমিল্লা বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সে বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া বাসা থাকেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। ১৯ ফেব্রুয়ারি ওই কিশোরী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে । পরদিন কুমিল্লায় আদালতে এফিটডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবককে গ্রেপ্তার করা হয়। পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।