মাদারীপুরে ফের দুই পক্ষের সংঘর্ষ, জনমনে বেড়েছে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদন
মাদারীপুর শহরে সোমবার রাতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের আমিরাবাদ এলাকায় এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে কমপক্ষে তিন দিন তিন দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আমিরাবাদ এলাকার ড্রাইভার কাওসার হোসেনকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাননি। অনেকেই দোকানপাট দ্রুত বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে তিনি জানান।