জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর মতবিনিময় সভা
জুড়ীতে নবনির্বাচিত এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর মতবিনিময় সভা
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ দস্তেগীর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, নির্বাচনের পর উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বড়লেখা ও জুড়ী উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সেবা সহজীকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং এলাকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শেষে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স