আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
রমজানে সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ কমাতে যুবদূতের উদ্যোগে চালু হওয়া “রমজান জনসেবা বাজার”-এর একটি স্টলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাজারের একটি স্টল লক্ষ্য করে এ হামলা চালায়। একটি জনকল্যাণমূলক উদ্যোগে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় যুবদূতের পরিচালক শরীফ মাহমুদ বলেন,রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা এই বাজার চালু করেছি। সেখানে দুর্বৃত্তদের হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। নিরাপত্তা প্রহরীরা তখন কী করছিলেন, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। আমরা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, জনসেবামূলক এই উদ্যোগ ব্যাহত করার জন্য একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান বলেন,এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ‘রমজান জনসেবা বাজার’ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা ছিল। সেখানে হামলার ঘটনা জনস্বার্থবিরোধী কাজ এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বাজার সংশ্লিষ্টরা।