সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের দৌড়ে কারা এগিয়ে? জোরালো আলোচনা
আপডেট সময় :
২০২৬-০২-১৬ ১১:৫২:০৯
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের দৌড়ে কারা এগিয়ে? জোরালো আলোচনা
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার থেকে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে ১৯টির মধ্যে ১৮ আসনে ধানের শীষের বিজয়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—কার কাঁধে উঠবে মন্ত্রিত্বের দায়িত্ব, কে পাবেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আর কারা যাচ্ছেন সংরক্ষিত আসনে।
প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিলেটের প্রতিনিধিত্ব বাড়তে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে।
দলীয় সূত্র বলছে, কেন্দ্রভিত্তিক মনিটরিং, প্রবাসীদের সমন্বয় এবং কৌশলগত প্রার্থী বাছাই বিএনপির বড় সাফল্যের কারণ।
সবচেয়ে আলোচিত নাম ‘ম্যাজিকম্যান’খ্যাত আরিফুল হক চৌধুরী। ওয়ার্ড কাউন্সিলর থেকে দুই মেয়াদের নগরপিতা হয়ে এবার তিনি সংসদ সদস্য। সিলেট-৪ আসনে বড় ব্যবধানে বিজয়ের পর তাকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে—এমন আলোচনা চলছে জোরেশোরে।
দলটির ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর-এর নামও ঘুরছে আলোচনায়।
পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্ব পাচ্ছেন ড. এনামুল হক, জি কে গউছ এবং অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। নীতিনির্ধারণে অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত কয়েকজনকে অর্থ, পরিকল্পনা বা স্থানীয় সরকার খাতে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এবার সংসদে সিলেট থেকে রয়েছেন দুই রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।
সিলেট-১ আসনে বিজয়ী খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিকের সন্তান। আর মৌলভীবাজার-৩ আসনে জয়ী এম নাসের রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান-এর ছেলে।
নারী নেতৃত্বেও নতুন ইতিহাস তৈরি হয়েছে। তাহসিনা রুশদীর লুনা সরাসরি ভোটে সিলেট বিভাগ থেকে নির্বাচিত প্রথম নারী এমপি হিসেবে নজর কাড়ছেন। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী-এর স্ত্রী।
দলীয় আলোচনায় আরও রয়েছেন কলিম উদ্দিন মিলন ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। শরিক দলগুলোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সিলেট-৫ আসনে পরাজিত হলেও জমিয়ত প্রধান মাওলানা উবায়দুল্লাহ ফারুক-কে বিশেষ কোটায় দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে সিলেট এখন প্রত্যাশার প্রহর গুনছে। চূড়ান্ত তালিকা ঘোষণার আগ পর্যন্ত আলোচনা-জল্পনা চলবে, তবে একটি বিষয় স্পষ্ট—এবারের নির্বাচনে সিলেটের ভূমিকা কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে গুরুত্ব পেয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স