রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে
একটি বিদেশি পিস্তল, ১টি দেশীয় শুটার গান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর পোল্ট্রিমোড় চর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের নির্বাচনি বেইজ ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নির্বাচনী দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলায় স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্প থেকে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার এবং সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে পোল্ট্রিমোড় চর নামক স্থান দিয়ে অস্ত্র পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর হতে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলিসহ ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।