ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী তালিকায় নাম নেই, ভোট চেয়ে মাঠ গরম করছেন স্বতন্ত্র প্রার্থী দুদু জোদ্দার


আপডেট সময় : ২০২৬-০২-০৯ ১৩:৫৬:৫৬
কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী তালিকায় নাম নেই, ভোট চেয়ে মাঠ গরম করছেন স্বতন্ত্র প্রার্থী দুদু জোদ্দার কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী তালিকায় নাম নেই, ভোট চেয়ে মাঠ গরম করছেন স্বতন্ত্র প্রার্থী দুদু জোদ্দার
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
আসন্ন সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে দুদু জোদ্দার নামে এক ব্যক্তির প্রচারণা চালানোকে ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কুলা প্রতীক ব্যবহার করে পোস্টারিং ও প্রচার চালানোয় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল তৈরি হয়েছে।
 
নির্বাচন সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, প্রার্থী তালিকায় দুদু জোদ্দার নামে কারও নাম নেই। এছাড়া কুলা নামেও কোনো প্রতীক নেই।
 
জানা গেছে, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং রিটার্নিং কর্মকর্তা সেগুলো বৈধ ঘোষণা করেন। পরে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কে. এম. ফজলুল হক মন্ডল বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী সেফালী বেগমের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালতের আদেশে সেফালী বেগমের মনোনয়ন বাতিল হয়। এরপর ৭ জন বৈধ প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামেন।
 
এ অবস্থায় হঠাৎ করে দুদু জোদ্দারের আবির্ভাব ঘটে। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে কুলা প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচারণা শুরু করেন। তার এই কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রশাসনের নীরবতা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
 
দুদু জোদ্দার চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নতুন আশ্রয়ণ কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। এর আগেও তিনি উলিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম-৩ আসনে হেলিকপ্টার প্রতীকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন।
 
চিলমারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুদু জোদ্দার নামে সংসদ সদস্য পদে কোনো মনোনয়নপত্র বিতরণ বা জমা নেওয়া হয়নি।
 
এ বিষয়ে চিলমারী সহকারী রিটা‌র্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, এ আসনে কুলার কোনো প্রতীক নেই। দুদু জোদ্দারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ