সারজিস আলমের সভায় আচরণ বিধি লঙ্ঘন, প্রতিনিধিকে জরিমানা
আপডেট সময় :
২০২৬-০২-০৫ ১৩:১৮:২৫
সারজিস আলমের সভায় আচরণ বিধি লঙ্ঘন, প্রতিনিধিকে জরিমানা
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার
পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও
১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলমের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে আলমের সভায় অভিযান পরিচালনা করে তাঁর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানার অর্থ নগদ প্রদান করেছি।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণবিধি মানতে বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স