রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কর্মীরা ভোট চাওয়ার জন্য গেলে রহমান প্রামাণিকের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকাল ৮টায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । এতে বিএনপি কর্মী রিন্টু, নিজামসহ দুই পক্ষের ৫ জন আহত হয় ।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেনকে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।