ঢাবিতে ২৮৪১ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন, বাস্তবায়িত হচ্ছে ৪১টি কার্যক্রম
আপডেট সময় :
২০২৬-০১-৩১ ২১:৩০:৩৩
ঢাবিতে ২৮৪১ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন, বাস্তবায়িত হচ্ছে ৪১টি কার্যক্রম
মো: উদয়, ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২৮শ ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৪১টি উল্লেখযোগ্য শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ও অর্জন সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন।
প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য অবকাঠামোর মধ্যে রয়েছে- আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের জন্য ২১ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ১৫ তলা আইটি হাব ভবন এবং ৩য় শ্রেণি কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ। এছাড়া ৯টি হল (৪টি ছাত্র ও ৫টি ছাত্রী হল), ৬টি একাডেমিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার এবং প্রশাসনিক ভবনের উন্নয়ন কাজও এই মেগা প্রকল্পের অন্তর্ভুক্ত।
অবকাঠামো উন্নয়নের পাশাশিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে জিমনেসিয়াম নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক এবং পাবলিক টয়লেট নির্মাণের মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স