নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান ও মাদক কারবার সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা গরু বাজারের ইজারাদার আবু সৈয়দ ওই সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তাকে সরাসরি হুমকিধামকি ও গালাগালি করা হয় এবং ‘১২ তারিখের পর দেখে নেওয়া হবে’-এমন বক্তব্য দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করে জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকের আশঙ্কা, এ ধরনের হুমকি অব্যাহত থাকলে অনুসন্ধানী ও জনস্বার্থমূলক সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে নির্ভয় পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম চৌধুরী কাছ মুঠোফোনে যানতে চাইলে বলেন আমার পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।