ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকের ১৫ মামলার আসামী গ্রেপ্তার
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সবুজ মিয়া (৩৫) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় ১৫টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় অবস্থানরত ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী সবুজ মিয়াকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সবুজ মিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।