মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের রাধামাধব মন্দির প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব শহিদুল আলম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান হাওলাদার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধানের শীষই একমাত্র ভরসা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাবু খোকন চন্দ্র সাহা, সভাপতি, রাধামাধব পূজা উদযাপন কমিটি। সভাপতির বক্তব্যে তিনি সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।