জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বলাইদপাড়া এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনীত প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি প্রতিদিন মানুষের খোঁজখবর নেই। আপনারা যদি আমাকে এমপি বানান, এমপি আমি একা হবো না আপনারাই হবেন। কারণ আমার একটি ডাক্তার পেশা আছে, মানুষের সেবা করাই আমার মূল দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকারি যেসব অনুদান পাওয়া যাবে, তা এলাকার মানুষের মাঝেই বণ্টন করা হবে। আমি প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন অসহায় মানুষকে নিজ বাড়িতে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি।
এ সময় তিনি দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ।
এদিন তিনি কুড়াগাছা ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে ঘুরে দেখেন এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।