ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদে অভিযান, পাল্টা হামলার শিকার সাংবাদিক


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ০০:২৩:৩৩
মদনে অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদে অভিযান, পাল্টা হামলার শিকার সাংবাদিক মদনে অবৈধ মাটি ব্যবসার প্রতিবাদে অভিযান, পাল্টা হামলার শিকার সাংবাদিক
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযানে জরিমানা ও কারাদণ্ড দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মাটি খেকো চক্র উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে মিছিলকারীদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।
 
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. নিজাম উদ্দিন ‘আমার দেশ’ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে এবং মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কৃষিজমির উপরিভাগ কেটে ও নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। শনিবার সকালে গোবিন্দশ্রী ইউনিয়নের শিমেরহাটি এলাকায় বালাই নদী থেকে মাটি উত্তোলনের সময় প্রশাসন অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতে ভেকু চালক শুভ মিয়া দোষ স্বীকার করলে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরই চক্রটি ক্ষুব্ধ হয়ে ওঠে।
 
আহত সাংবাদিক নিজাম উদ্দিন জানান, হামলার ঘটনায় তিনি ১৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মদন থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চলছে। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র মিছিল ও সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ