নির্বাচনী তহবিলে সহযোগিতা চাইলেন সিপিবি প্রার্থী এমদাদুল হক মিল্লাত
আপডেট সময় :
২০২৫-১২-২৭ ১২:১৬:৩২
নির্বাচনী তহবিলে সহযোগিতা চাইলেন সিপিবি প্রার্থী এমদাদুল হক মিল্লাত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৪ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এমদাদুল হক মিল্লাত নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা চেয়েছেন।
গত বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে এমদাদুল হক মিল্লাত লেখেন, “সাধারণ মানুষের সহায়তা নিয়েই সিপিবি পথ চলে। নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই। যার যা সাধ্য, সেটুকু আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করব।”
এমদাদুল হক মিল্লাত বর্তমানে সিপিবির ময়মনসিংহ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে অংশ নেন। পাশাপাশি ১৯৯৯ সালে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান পদেও নির্বাচন করেছিলেন। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি গতকাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে এমদাদুল হক মিল্লাত বলেন, “২০১৮ সালের নির্বাচনেও আমি সাধারণ মানুষের সহযোগিতা নিয়েছিলাম। তখন প্রায় সাড়ে তিন লাখ টাকা অনুদান এসেছিল, মানুষ সরাসরি হাতে হাতে টাকা দিয়েছিল। এবার বিকাশের মাধ্যমে অনুদান চেয়েছি। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় ১৫ হাজার টাকা অনুদান এসেছে। ২০০-৫০০ টাকা করে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন। আশা করছি, এবার গতবারের চেয়ে বেশি অনুদান আসবে।”
তিনি জানান, এবারের নির্বাচনে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা।
নির্বাচনী অর্থায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি যদি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করি, তাহলে সেখান থেকে লাভ তোলার চিন্তা আসবেই। আমরা কোনো বিনিয়োগ চাই না। জনগণের টাকা, দলের সমর্থক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নির্বাচন করতে চাই, যাতে জবাবদিহি ও স্বচ্ছতা থাকে। নির্বাচনে জয়ী হলে সেটি হবে জনগণের অর্থে ও জনগণের শক্তিতে জয়।”
এমদাদুল হক মিল্লাতের ওই ফেসবুক পোস্টে বিভিন্নজন মন্তব্য করে সমর্থন জানান। আতাউর রহমান খান নামের একজন মন্তব্যে লেখেন, “ধনিক শ্রেণির দলগুলো কোটি কোটি টাকা বিনিয়োগ করে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষকে শাসন করে। এবার সাধারণ মানুষ নিজেদের পকেটের টাকা ও শ্রম দিয়ে নিজেদের প্রার্থীকে সংসদে পাঠাক।”
অন্যদিকে আল আমিন খান নামের একজন দেশব্যাপী সাধারণ মানুষের প্রতি সিপিবি প্রার্থীর নির্বাচনী তহবিলে সহযোগিতার আহ্বান জানান।
সাধারণ মানুষের অর্থায়নে নির্বাচন করার এই উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স