দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-১২-২৭ ০০:২৫:৩১
দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ আকতারু জ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব।
অভিযানে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীরসহ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন— শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকার মৃত ইসাহক আলীর ছেলে আমিনুর ইসলাম (৩৫) এবং একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। শফিকুল ইসলাম শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক কৃষক লীগ নেতা।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, মধ্য শিকারপুর এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীর বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, যৌথবাহিনীর অভিযানে একজন ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স