ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ফিরছে সুদানে শহীদ দুই সেনার মরদেহ কাল


আপডেট সময় : ২০২৫-১২-২১ ০২:০২:২৮
কুড়িগ্রামে ফিরছে সুদানে শহীদ দুই সেনার মরদেহ কাল কুড়িগ্রামে ফিরছে সুদানে শহীদ দুই সেনার মরদেহ কাল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ইং ০৮:০০ পিএম.


সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।
বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনকৃত ইউনিসফা মিশনের ফোর্স কমান্ডারের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), সেনা সদর দপ্তরের ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মরদেহ গ্রহণকালে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং সকল সামরিক কর্মকর্তা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আকস্মিক ড্রোন হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও নয় জন শান্তিরক্ষী আহত হন।

আহতদের মধ্যে আট জনকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩)-এ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে শহীদদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ কুড়িগ্রামের দুই সন্তানসহ সকল শহীদ শান্তিরক্ষীর মরদেহ হেলিকপ্টারযোগে নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এক শোকবার্তায় জানিয়েছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ