বীরগঞ্জে গলা কেটে হত্যা: রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা
আপডেট সময় :
২০২৫-১২-১৩ ১৯:০০:০৩
বীরগঞ্জে গলা কেটে হত্যা: রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা
মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দানিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার আরাজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকার নিজ শয়নকক্ষ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দানিউল ইসলাম সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার থেকে জানা যায়, দানিউল ইসলামের ছেলে সামিউল ইসলাম দিনাজপুর শহরে বসবাস করেন এবং মেয়ে দৃষ্টি তার স্বামীর বাড়িতে থাকেন। দানিউল ইসলাম গ্রামের বাড়িতে মাঝে মাঝে এসে সপ্তাহে দু’এক দিন রাত্রিযাপন করতেন। তার বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম।
শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে শয়নকক্ষের বিছানায় রক্তাক্ত অবস্থায় দানিউল ইসলামের মরদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন।
পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে দানিউল ইসলাম নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে সেখানে গিয়ে রফিকুল ইসলাম মরদেহ শনাক্ত করেন। তার দাবি, দুর্বৃত্তরাই দানিউল ইসলামকে হত্যা করেছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৬ ডিসেম্বর নিহতের চাচা ও তৎকালীন ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙাও একইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
বিভিন্ন সূত্রের দাবি, এই হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং রহস্যজনক। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, পরকীয়া সম্পর্ক কিংবা বিপুল সম্পদ সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
রহস্য উদ্ঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার থানার অফিসার ইনচার্জ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবে। ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স