ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় মোটরসাইকেল চালক হত্যা: ছিনতাইকারী যুবক শরীফ গ্রেফতার, মোটরসাইকেল ও ছুরি উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১১-২২ ১৬:২৬:৩০
আটপাড়ায় মোটরসাইকেল চালক হত্যা: ছিনতাইকারী যুবক শরীফ গ্রেফতার, মোটরসাইকেল ও ছুরি উদ্ধার আটপাড়ায় মোটরসাইকেল চালক হত্যা: ছিনতাইকারী যুবক শরীফ গ্রেফতার, মোটরসাইকেল ও ছুরি উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার আটপাড়ায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সোহাগ চৌধুরীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শরিফ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মদন উপজেলার জয়পাশা এলাকায় আটপাড়া–মদন সড়ক থেকে তাকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

গ্রেফতার শরিফ মিয়া মোহনগঞ্জ উপজেলার ভাটি সুয়াইর (নয়াপাড়া) গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে। নিহত সোহাগ চৌধুরী (৪৩) খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে ও চার সন্তানের জনক। ভাড়ায় মোটরসাইকেল চালিয়েই তিনি পরিবার চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সোহাগ মোহনগঞ্জের আদর্শনগর এলাকা থেকে যাত্রী নিয়ে মদন উপজেলায় যান। পরে রাত ৯টার দিকে আটপাড়ার বাউসা এলাকায় যাওয়ার জন্য শরিফ তার মোটরসাইকেল ভাড়া নেন। রাত ১০টার দিকে বাউসা হাওর এলাকায় পৌঁছালে শরিফ হঠাৎ পেছন থেকে সোহাগের বুকে ছুরি আঘাত করেন। সোহাগ মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে আরও কয়েকটি আঘাত করে গুরুতর জখম অবস্থায় ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তিনি।

পরে পথচারী মোটরসাইকেলচালকরা সোহাগকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার নিহতের স্ত্রী আজিদা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, গ্রেফতার শরিফের স্বীকারোক্তিতে ঘটনাস্থলের পাশে ধানখেত থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। আদালতে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২২-১১-২০২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ