স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগে বাবু মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর ভুক্তভোগীর পরিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবু মিয়া একই গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে এবং মা নদীতে গোসল করতে যান। এ সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েটিকে একটি নির্জন ঝুপড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং কথা বলতে না পারায় হাতে লিখে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।