কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে গলাকাটা দ্বিখণ্ডিত অজ্ঞাত মরদেহ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১১-০৪ ১৯:৩৪:৫১
কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে গলাকাটা দ্বিখণ্ডিত অজ্ঞাত মরদেহ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা ।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর পাশে রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মৃত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে ভোর সাড়ে ৪টার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে ফোন দেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১টার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
তবে মৃত ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, শুনেছি ট্রেনেকাটা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে সেতুর নিচে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।
এ বিষয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স