গোবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৫: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বছর পূর্তি উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হলো ‘মিট দ্য প্রেস’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: হোসেন উদ্দিন শেখর।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন' উপ-উপাচার্য প্রফেসর ড. মো: সোহেল হাসান। তিনি বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া প্রশাসনের সাফল্য সম্ভব নয়। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবনী ও শিক্ষার্থীকেন্দ্রিক উদ্যোগ গ্রহণ করবো।”
ট্রেজারার ড. মোহাম্মদ নাজমুল আহসান তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন,“আমরা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা তহবিল বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে বরাদ্দ বাড়ানো হবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে এক প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা।