স্টাফ রিপোর্টারঃ
“শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির কর্ণধার”-এই স্লোগানকে সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী এবং সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল্লাহ চৌধুরী আলিম, ফেডারেশনের সেক্রেটারি মোঃ আল মুজাহিদ, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি এস. এম. এ.ন. নাসিরুদ্দিন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সেলিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ শামীম তালুকদার, সদর উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা সাদেকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সামছুল আলম, ও কলেজ শিক্ষক পরিষদের সদস্য আলী উসমান আনসারী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করলেও তাঁরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।” তাঁরা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমতুল্য সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের দাবিসমূহ সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর পেশ করেন।