দেবীগঞ্জে নার্সের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ: দুই মাসেও ব্যবস্থা নয়
আপডেট সময় :
২০২৫-০৯-২৮ ১৯:২৬:১৫
দেবীগঞ্জে নার্সের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ: দুই মাসেও ব্যবস্থা নয়
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শিউলি আক্তারের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগের তদন্ত শেষ হলেও দুই মাস পেরিয়ে গেছে, এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে শিউলি আক্তারের বিরুদ্ধে নরমাল ডেলিভারির মতো সরকারি সেবার পর রোগীর স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তার স্বামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে কেউ সাহস করে মুখ খুলতে পারেনি।
২০২৫ সালের জুলাই মাসে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। আবাসিক চিকিৎসক ডা. আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদকে সভাপতি করে গঠিত কমিটি ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দাখিলের জন্য নোটিশ জারি করে। পরে ভুক্তভোগীরা উপস্থিত হয়ে শুধু শিউলি আক্তার নন, আরও দুইজন নার্সের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেন। তবে তদন্ত কমিটি গণমাধ্যমের কাছে কোনো তথ্য প্রকাশ করেনি।
এ নিয়ে তথ্য অধিকার আইনে আবেদন করলে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন কেন্দ্রীয়ভাবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পাঠানো হয়েছে। তাই জেলা পর্যায়ে কোনো প্রতিবেদন সরবরাহ বা ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। তদন্ত শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় ধামাচাপার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদন গোপন করা হয়েছে কি না, সে প্রশ্নও তুলছেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ডা. মাহবুব সুমন বলেন, “আমরা তদন্তে যা পেয়েছি তা অফিসিয়ালি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এর বাইরে কিছু বলার এখতিয়ার আমার নেই।” জেলা সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, “আমরা নার্সদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারি না। বিষয়টি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন। তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে, অধিদপ্তর থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স