ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এসএসসি পাসের জাল সনদ তৈরি করার অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক শফিকুল ইসলাম রাব্বী (২০) উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়ার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে ও স্বপন মিয়া (২০) মহিষের বাতান গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে স্বপন মিয়া প্রবাসে যাওয়ার জন্য জন্মনিবন্ধন ও এনআইডি কার্ডের বয়স সংশোধনের প্রয়োজন হয়।
তাই সে জন্মনিবন্ধন ও এনআইডি কার্ড সংশোধনের জন্য উপজেলা সদরের কোর্ট গেইটের সামনে অবস্থিত মহসিন টেলিকম এন্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওতে গিয়ে ওই দোকানের কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম রাব্বীর মাধ্যমে এসএসসির পাসের একটি জাল সনদ তৈরি করে। পরে এ সনদ দিয়ে স্বপন তার জন্মনিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আবেদন করে। পরে এ আবেদনের নথিপত্র গত মঙ্গলবার বিকেলে ইউএনও'র কাছে যায়।
এ সময় জাল সনদের ব্যাপারটি ইউএনওর কাছে ধরা পড়ে। পরে রাব্বীর ব্যবহৃত ল্যাপটপ ও পেনড্রাইভ থেকে এনআইডি, টিকার কার্ড, জন্মনিবন্ধন, ডাক্তারের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সহ আরও অনেক কিছুর ফরমেট পান ইউএনও। পরে রাব্বী ও স্বপনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয় এবং দোকানটি সীলগালা করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, জাল সনদ তৈরি করার অপরাধে দুই যুবককে ওইদিন রাত সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিনা পরিশ্রমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।