শিশু ধর্ষণকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
আপডেট সময় :
২০২৫-০৯-২১ ১৫:৩৫:২৪
শিশু ধর্ষণকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কনিক রায়কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুর বাবার সঙ্গে আরএমও ডা. আবুল কাশেমের অসাদাচরণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বর সংলগ্ন হাইওয়ে রোডে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর মুন্সিপাড়ায় ওই শিশুকে ধর্ষণ করে একই এলাকার সপ্তম শ্রেণির ছাত্র কনিক রায়। এ ঘটনায় শিশুটির বাবা গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে তিন দিন অতিক্রান্ত হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কন্যাশিশুর ওপর এ ধরনের বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি কনিক রায়কে গ্রেফতার না করা হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় শাটডাউন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কাশেমের শাস্তির দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, শিশুটি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি শিশুর বাবার সঙ্গে অশালীন আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন, এবং ভুক্তভোগী শিশুর সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, অপরাধীদের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জ সমন্বয়ক ওয়াসিস আলম, খালিদ মাহমুদ সৈকত, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান, সদস্য লিয়াকত আলী, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি’র প্রতিনিধি আসাদুজ্জামান রকি প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স